কচুয়া উপজেলা এ জি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

প্রাথমিক শিক্ষকদের থেকে জনপ্রতি ৫০০ টাকা ঘুষ নেয়ায় চাঁদপুর কচুয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবার এক সরকারি আদেশে তাকে সুনামগঞ্জ জেলার সাল্লায় উপজেলায় বদলি করা হয়।

এর আগে রোববার  ফেসবুক পেইজে সরকারি প্রাথমিক শিক্ষকদের থেকে সরাসরি ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হয়৷ প্রকাশের পরই ভিডিওটি ভাইরাল হয়। এর ১৯ ঘণ্টার মধ্যেই তাকে বদলি করা হলো।

এ ঘটনায় প্রাথমিক শিক্ষকরা স্বস্তি প্রকাশ করেছেন। একাধিক শিক্ষক  বলেন, সারাদেশে ১৩তম গ্রেড বাস্তবায়নে শিক্ষকদের ঘুষ দিতে হচ্ছে। প্রায় প্রতিটি উপজেলার এজি অফিসের চিত্র একইরকম। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

এদিকে ঘুষগ্রহণের কারণে মো. আনোয়ার উল্লাহ'র দায়িত্বে পাশের হাজীগঞ্জ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।