হঠাৎ ভিজিট হবে প্রাথমিকে, গাফিলতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: মহাপরিচালক
দীর্ঘ দেড় বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হওয়ায় স্কুল খোলার প্রথম দিন ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। শিক্ষার্থী উপস্থিতি কম হলেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন ক্লাসে পাঠ কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।তবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় প্রাথমিক স্কুলের স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ এসেছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আমরা প্রথমদিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। আমাদের নির্দেশনা মোতবেক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে পাঠদান পরিচালিত হয়েছে। ক্লাসে আসতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক খুশি। তবে উপস্থিতির সংখ্যা কম ছিলো।
তিনি বলেন, শিক্ষক-অভিভাবকরা সচেতন হলে উপস্থিতি আরও বাড়বে। আবার প্রথম দিন হিসেবে শিক্ষার্থী উপস্থিতি কোথাও কোথাও প্রত্যাশার চেয়েও বেশি ছিল। দ্রুত আরও বেশিসংখ্যক ক্লাস শুরুর প্রক্রিয়াও শুরু হবে।
তিনি আরও বলেন, স্কুলগুলোতে আমরা আকস্মিক পরিদর্শনে যাবো। সেজন্য জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে কারো কোন গাফিলতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
