গেজেট কবে হবে পিটিআই ইন্সট্রাক্টরদের ?

মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) সমূহে ৯ম গ্রেডের ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চূড়ান্ত সুপারিশ করলেও গেজেট প্রকাশ হচ্ছে না। বিপিএসসি ২৮ অক্টোবর, ২০২০ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশ করে। চূড়ান্ত সুপারিশের পর দীর্ঘ ১১ মাস পার হয়েছে। ফলে মাঠ পর্যায়ে পিটিআইসমূহে ইন্সট্রাক্টরের অভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম হচ্ছে ব্যাহত।

অনেক পিটিআই দুটি শিফট চালু করলেও ইন্সট্রাক্টর সংকটে একটা শিফট চালাতেই হিমশিম খেতে হচ্ছে। জানা যায়, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ছাড়া গেজেট হবে না। অথচ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ছাড়া ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইন্সটিটিউটে প্রথম শ্রেণির নন ক্যাডার ইন্সট্রাক্টর (টেক) পদে ২৭৯ জন এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহে ইন্সট্রাক্টর (নন-টেক) পদে ৫৬৬ জনকে গেজেটের মাধ্যমে পদায়ন করা হয়েছে।

অন্য মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন ছাড়া গেজেট প্রকাশ করতে পারলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সে ব্যবস্থা করতে বাধা কোথায়? সুপারিশপ্রাপ্ত ইন্সট্রাক্টরগণ দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছেন। পিটিআই সুপাররাও চেয়ে আছেন সুপারিশপ্রাপ্তরা কখন আসবেন।

কারণ মাঠ পর্যায়ে শতকরা ৪০-৫০ ভাগ জনবল দিয়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সস্টিটিউট (পিটিআই) পরিচালনা করা সত্যি কষ্টকর। তাই শত বাধা দূর করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুপারিশপ্রাপ্ত ইন্সট্রাক্টরদের গেজেট প্রকাশ করে পদায়ন নিশ্চিত করা হোক।

শিশ মোহাম্মদ, শাহজাহানপুর, চাঁপাইনবাবগঞ্জ