তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন ক্লাস কবে থেকে শুরু

প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও আগামী সপ্তাহ থেকে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আজ মঙ্গলবার বলেন, আদেশ দিয়ে বিষয়টি জানানো হবে।

এর আগে গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়। তখন থেকেই প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও এক দিন করে বাড়ানোর চিন্তা করা হচ্ছিল। 

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হয়ে এলেও এখন তা পর্যায়ক্রমে বাড়ছে।