কোভিড-১৯ এর টিকা না নেয়ায় প্রাথমিকের ১০০ শিক্ষকের ওপর নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জে কোভিড-১৯ এর টিকা না নেয়ায় ১০০ জন প্রাথমিক শিক্ষকের ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।টিকা না নেয়া ১০০ জন শিক্ষকের অনেকেই স্কুলে যাচ্ছেন এবং শ্রেণিকক্ষে যাচ্ছেন বলে জানা গেছে।ফলে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, জেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চার হাজার রয়েছেন।সংশ্লিষ্ট দপ্তরের তথ্যানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ৯০০ জন। আর রেজিস্ট্রেশন করেননি ১০৩ জন। রেজিস্ট্রেশন করা শিক্ষকদের মধ্যে টিকা গ্রহণ করেছেন ৩ হাজার ৯০০ জন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল বলেন, আমাদের শিক্ষকদের একেবারেই অল্প সংখ্যকের টিকা বাকি। আশাকরি শীঘ্রই তা পূরণ হবে। তবে যেসব শিক্ষক এখনো টিকা নেননি তাদের মোটিভেশন দেয়া হবে। যারা যৌক্তিক কারণ ছাড়া টিকা নিচ্ছেন না তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইনগত ব্যবস্থা।
টিকা না নিয়ে ক্লাসে যাওয়া প্রসঙ্গে কথা হয় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সঙ্গে। তিনি বলেন, যেসব শিক্ষক রেজিস্ট্রেশন করেছেন তারা আসলে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। টিকা না নেয়ার পরও শিক্ষকরা যদি স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে পালন করেন তাহলে শিক্ষার্থীরা বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়বে না।
